বেরোবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ২৩ জুন , ২০২৫
রংপুরে এক মুদি দোকানিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক জামিন পেয়েছেন।
রোববার (২২ জুন) বিকেলে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এ জামিন আবেদন করা হলে বিচারক মো. সোয়েবুর রহমান শুনানির জন্য মঙ্গলবার (২৪ জুন) দিন ধার্য করেন। পরে তার আইনজীবীরা জজ আদালতে জামিন আবেদন করলে মহানগর দায়রা জজ আদালত সেটি গ্রহণ করে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
মাহমুদুল হকের আইনজীবী শামীম আল মামুন বলেন, যে মামলায় মাহমুদুল হককে আসামি করা হয়েছে, সেই মামলার বাদীও তাকে চেনেন না। এমনকি মামলার ঘটনার সময় তিনি কীভাবে সেখানে ছিলেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
এদিকে, জামিনের আগে-পরে রংপুর আদালত এলাকায় বিক্ষোভ করেছেন বেরোবির দুই শতাধিক শিক্ষার্থী। তারা মাহমুদুল হককে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে দাবি করে মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
মাহমুদুল হকের স্ত্রী মাসুবা হাসান মুন বলেন, অবশেষে বিজ্ঞ আদালত আমার স্বামীকে জামিন দিয়েছেন। এতে আমরা স্বস্তি পেয়েছি। আমরা চাই, তার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা হোক।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২ আগস্ট রংপুর নগরীর ১২ নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর এলাকার মুদির দোকানি ছমেছ উদ্দিন (৬৫) স্ট্রোক করে মারা যান। এ ঘটনার প্রায় ১০ মাস পর ৩ জুন নিহতের স্ত্রী আমেনা বেগম (৬০) রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫৪ জনকে আসামি করা হয়েছে। এতে শিক্ষক মাহমুদুল হককে ৫৪ নম্বর আসামি করা হয়।
এই মামলায় ১৯ জুন বিকেল সাড়ে ৩টায় রংপুর মহানগরীর ধাপ এলাকার নিজ বাসা থেকে মাহমুদুল হককে গ্রেপ্তার করা হয়।