গোবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ৮ জুলাই , ২০২৫
নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপউপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালি বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালি শেষে আনন্দমুখর পরিবেশে প্রশাসনিক ভবন চত্বরে কেক কাটা হয়।
বেলা সাড়ে ১০টায় অ্যাকাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসন উদ্দিন শেখর বলেন, “বিশ্ববিদ্যালয়টির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও মূলত ১৫ বছর ধরে অ্যাকাডেমিক কার্যক্রম চলছে। যদিও এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টি যেখানে পৌঁছানোর কথা ছিলো, নানা কারণে সেখানে পৌঁছাতে পারেনি। তবে একটি ভালো বিশ্ববিদ্যালয়ের যেসব বৈশিষ্ট্য থাকে, সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা আনা, আমরা সেই কাজটি করে যাচ্ছি। ”
উপাচার্য বলেন, “ইতোমধ্যে স্বনির্ভর কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড চালু হয়েছে, স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে বেস্ট টিচার অ্যান্ড রিসার্চার অ্যাওয়ার্ড চালু করা হবে। এভাবে একটু একটু করে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো। ”