রাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ১ মে , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় মাসঊদের বাড়ির দরজার সামনে বুধবার (৩০ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে।
মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তিনটি ককটেল বিস্ফোরণের প্রমাণ পাওয়া গেছে। কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পুলিশ দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে।
ঘটনার পর অধ্যাপক মাসঊদ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।”
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। তিনি ফেসবুকে লিখেছেন, “তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই (বুধবার, ৩০ এপ্রিল) ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।”