প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৪ ফেব্রুয়ারি , ২০২৫
কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে স্থানীয় দুর্বৃত্তদের হামলার তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার দুপুরের পর সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, “বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের বরাতে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, হামলার ঘটনায় ১ জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।
কক্সবাজার সদর হাসপাতাল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, সোমবার দুপুর ১২টার দিকে হামলার ঘটনা ঘটেছে।
“সংঘাতের সময় গুলিতে শিহাব কবির নামে ৩০ বছর বয়সি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি সমিতি পাড়ার নাসির উদ্দিনের ছেলে।”
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সেখানে বিমান বাহিনীর গুলিতে একজন মারা যাওয়ার কথা তিনি জেনেছেন।