ঢাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
বুধবার বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী লেকচার গ্যালারিতে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
ড. মামুন বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় সকলকে পারস্পরিক ঐক্য ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আনিছুর রহমান খান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক ড. সানযুক্তা আহসান। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত ইসলাম ও ফজিলাতুন্নেছা অনামিকা।
পরীক্ষায় ভালো ফলাফল ও সহশিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর রাখায় অনুষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।