জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ মার্চ , ২০২৫
ছবি: গতবছর জবিতে পহেলা বৈশাখ উদযাপনের একটি মুহূর্ত।
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে ক্যাম্পাসে বর্ণিল বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বৈশাখী মেলার আয়োজন করেছে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যক স্টল বা দোকান বরাদ্দ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়ের বাইরের আগ্রহী সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এই মেলায় স্টল বা দোকান বরাদ্দ নেয়ার জন্য আবেদন করতে পারবেন।
স্টল বরাদ্দের আবেদন করতে শিক্ষার্থীদেরকে বিশেষভাবে উৎসাহিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যারা আবেদন করতে আগ্রহী, তাদেরকে ১০ এপ্রিলের মধ্যে নিবন্ধন ফর্ম পূরণ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পাওয়া যাবে ওই নিবন্ধন ফর্ম।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমনের প্রস্তাবে এমন উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্য ছাত্র প্রতিনিধিরাও ওই প্রস্তাবের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।