ঢাবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ১৬ আগস্ট , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার আসামিরা প্রার্থী কিংবা ভোটার হিসেবে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর সাংবাদিকদের তিনি বলেন, “জুলাই ঘটনার আসামিদের ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি ভোটের আগের দিনও যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাকেও ভোট থেকে বিরত রাখা হবে।”
এদিন চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সিইসি জানান, মনোনয়ন ফরম সংগ্রহের চতুর্থ দিনে নতুন করে একজন প্রার্থী ফরম নিয়েছেন। তিনি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
এ পর্যন্ত মোট ৪৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে একজন, এজিএস পদে দুই জন, বিভিন্ন সম্পাদকীয় পদে ১৮ জন এবং সদস্য পদে ১৩ জন ফরম নিয়েছেন বলে জানান তিনি।