প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৩ ফেব্রুয়ারি , ২০২৫
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি হবে আগামী মঙ্গলবার।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রোববার এ তারিখ ধার্য করেন।
এদিন সকালে রিভিউ আবেদন শুনানির বিষয়টি বেঞ্চের সামনে উত্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শুনানি করতে তাদের আপত্তি নেই। পরে আদালত এই তারিখ নির্ধারণ করেন।
এ সময় আজহারুলের পক্ষে উপস্থিত ছিলেন আদালতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, ‘চিফ প্রসিকিউটর রিভিউ শুনানির জন্য বিষয়টি মেনশন করেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলও বলেন। আপিল বিভাগ শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন।’
অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে বলেন, গত ২০ ফেব্রুয়ারি এটিএম আজহারের রিভিউ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল। কিন্তু ওই দিন শুনানি হয়নি। রিভিউ আবেদনটি শুনানি হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, পতিত সরকারের শাসনামলে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ২০১৯ সালের ৭ নভেম্বর আজহারুলের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।