প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৬ এপ্রিল , ২০২৫
ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম সাময়িকীর ২০২৫ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এতে স্থান করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার প্রকাশ করা এই তালিকার সঙ্গে ওই ১০০ ব্যক্তির উপর পৃথক ১০০টি লেখা ছাপিয়েছে টাইম ম্যাগাজিন। যেগুলো লিখেছেন তালিকায় প্রভাবশালী ব্যক্তিদের পরিচিত কিংবা তাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা।
এক্ষেত্রে বাংলাদেশের সরকার প্রধান ড. ইউনূসের বিষয়ে মুখবন্ধ লিখেছেন তার বন্ধু, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
ইউনূস সম্পর্কে হিলারি যা লিখেছেন, পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল:
“গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর জাতিকে গণতন্ত্রের দিকে পথ দেখাতে এগিয়ে এলেন একজন সুপরিচিত নেতা: নোবেল শান্তি পুরস্কারজয়ী মুহাম্মদ ইউনূস।
কয়েক দশক আগে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দেশের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। লাখো মানুষ এর সুবিধা পায়, যার মধ্যে ৯৭ শতাংশই নারী। ক্ষুদ্র ঋণ নিয়ে তারা ব্যবসা দাঁড় করান। পরিবারের ভরণ-পোষণের পাশাপাশি নিজেদের মর্যাদা ফিরে পান।
আরকানসাসে ইউনূসের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়, যখন তিনি যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি প্রতিষ্ঠায় তৎকালীন গভর্নর বিল ক্লিনটন এবং আমাকে সাহায্য করেছিলেন। তখন থেকে পৃথিবীর যত জায়গাতেই আমি গিয়েছি, তার কাজের অসাধারণ প্রভাব আমি দেখেছি। ইউনূসের সেই উদ্যোগের ফলে জীবনে রূপান্তর ঘটেছে, প্রান্তিক সমাজে উন্নতি এসেছে এবং পুনরায় আশা জেগেছে।
এখন ইউনূস আবারও তার দেশের ডাকে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের আনতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতা আনছেন এবং মুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজের ভিত গড়ছেন।”