রাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৬ জানুয়ারী , ২০২৫
পোষ্য কোটা আন্দোলনে স্থগিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া আগামী ২৭ জানুয়ারি থেকে পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ভর্তিতে থাকছে না কোনো পোষ্য কোটা।
রবিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় স্থগিতকৃত প্রাথমিক আবেদন ২৭ জানুয়ারি থেকে শুরু হবে; যা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো পোষ্য কোটা বাতিলের সিদ্বান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন ফি পুনঃনির্ধারণ করে সার্ভিস চার্জসহ ২২ টাকা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় স্থগিতকৃত প্রাথমিক আবেদন ২৭ জানুয়ারি দুপুর ১২টায় শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
চূড়ান্ত আবেদন তিন ধাপে যথাক্রমে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ও ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত B ইউনিট ১২ এপ্রিল, A ইউনিট ১৯ এপ্রিল ও C ইউনিট ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর-এ অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
গত ৫ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরুর কথা ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২ জানুয়ারি বিশ্ববিদ্যালেয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। পোষ্য কোটা ইস্যু সমাধান না হওয়ায় ৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে আবেদন স্থগিত ঘোষণা করে প্রশাসন।