প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৭ এপ্রিল , ২০২৫
বুধবার সড়ক অবরোধের ছবি।
ছয় দফা দাবি আদায়ে ডাকা রেল ব্লকেড কর্মসূচি পালন না করে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে তাদের বৈঠক শুরু হয়।
বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের-এর ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছেন।
বুধবার দিনভর আন্দোলনের পর রাতে আন্দোলনকারীরা ঘোষণা দেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে তারা ‘রেল ব্লকেড’ কর্মসূচি পালন করবেন।
এর মধ্যে বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের আহ্বানে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠক চলাকালে রেল ব্লকেড কর্মসূচি ‘শিথিল’ থাকবে।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বুধবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়।
তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
আরও পড়ুন: পলিটেকনিকের শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো কী
শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে- কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।