ঢাবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ২৭ সেপ্টেম্বর , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।
সংগঠনটির দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণিত হলে নির্বাচন স্থগিত করে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম এবং অধ্যাপক মো. আবুল কালাম সরকার এই দাবি জানান।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। এই প্যানেলটি ভিপি, জিএস ও এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছে।
সাদা দলের বিবৃতিতে বলা হয়, একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের তথ্য উঠে এসেছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য ও সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
সংগঠনটি দাবি করেছে, বিশ্ববিদ্যালয়ের ভেতর বা বাইরের নিরপেক্ষ ব্যক্তি ও শিক্ষাবিদদের নিয়ে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্তে কারচুপি ও জালিয়াতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরপেক্ষ তদন্ত ছাড়া যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ফ্যাসিবাদী আমলের অবৈধ নির্বাচনের মতোই ২০২৫ সালের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান পাবে।
সাদা দল মনে করে, অভিযোগের সত্যতা যাচাইয়ে পদক্ষেপ না নিলে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।