গোবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১৮ জুন , ২০২৫
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষক, শ্রেণিকক্ষ ও ল্যাব–সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখান থেকে তারা দাবি–সংবলিত একটি স্মারকলিপি উপাচার্যের কাছে দেন।
পরে সংবাদ সম্মেলন করে দাবি আদায়ে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
কৃষি বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমানের সঞ্চালনায় পাঁচ দফা দাবি তুলে ধরেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ আলী।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হল
১. বিশ্ববিদ্যালয়ের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে হবে। ন্যূনতম ১০০ একর ভূমি অধিগ্রহণ, একাডেমিক ভবন-২ এবং অনুষদ ভবন সম্প্রসারণ, শতভাগ শিক্ষার্থীর আবাসন সংকট নিরসনে পর্যাপ্ত হল নির্মাণ, টিএসসি, অডিটোরিয়াম, জিমনেশিয়াম তৈরির কাজ শুরু এবং ক্যাফেটেরিয়া, লাইব্রেরি ও মেডিকেল সেন্টার উন্নয়নে অতিদ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
হল নির্মাণের কাজ শেষ হওয়ার আগে পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে হবে। সমস্ত কাজের টেন্ডার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে।
২. প্রত্যেক বিভাগে ন্যূনতম ২০ জন কর্মরত শিক্ষক, পর্যাপ্ত ল্যাব এবং অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে হবে। পর্যাপ্ত শিক্ষকের জন্য উচ্চ শিক্ষায় বিদেশ গমনের সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করতে হবে। বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে হবে।
৩. শিক্ষার্থীদের সব তথ্য, রেজাল্ট, লেনদেন অনলাইন ভিত্তিক করতে এবে। ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে।
৪. বিগত সময়ের দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনতে আইনি এবং লুট হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে পদক্ষেপ নিতে হবে। পরবর্তী বাজেটের স্বচ্ছতায় প্রয়োজনে শিক্ষার্থীদের বাজেট বন্টনে সংশ্লিষ্ট করতে হবে। সংশ্লিষ্ট সব তথ্য প্রকাশ করতে হবে।
৫. দ্রুত সময়ে সমাবর্তনের তারিখ ঘোষণা করতে হবে। ছাত্র সংসদ ঘোষণা করতে হবে। রেজিস্ট্রার গ্র্যাজুয়েট সার্কুলার প্রদানের মাধ্যমে রিজেন্ট বোর্ডে ৪ জন শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে। ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে কঠোর পদক্ষেপ নিতে হবে।