ইবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২ জুলাই , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দিয়েছেন ১৩ ছাত্রী। সেইসঙ্গে ঘটনার তদন্ত করে তার স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা।
অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের সহযোগী অধ্যাপক। অভিযোগকারীরা একই বিভাগের ছাত্রী।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৮ জুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগের আজিজুল ইসলামকে সব কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
গত ২২ জুন বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখ করেন, বিভিন্ন সময়ে ছাত্রীদের ভিডিও কল দেওয়া, কল না ধরলে ফল খারাপ করানোর হুমকি দেন শিক্ষক আজিজুল ইসলাম।
এছাড়া হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ ম্যাসেজ প্রদান, ইচ্ছাকৃত পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়া, রুমে ডেকে ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে আপত্তিকর জিজ্ঞাসা, ক্লাসে সবার সামনে আজেবাজে ইঙ্গিত দেন তিনি।
বিবাহিত ছাত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য, তার অধীনে প্রজেক্ট করতে পছন্দের ছাত্রীদের বাধ্য করা ও ছাত্রীদের বডি শেমিংসহ নানাভাবে হেনস্তার অভিযোগ করেন ছাত্রীরা।
অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সহযোগী অধ্যাপক আজিজুল ইসলাম বলেন, “আমি আপাতত মানসিকভাবে বিপর্যস্ত আছি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।”
বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা বলেন, “অভিযোগ পাওয়ার পর আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগের সব কার্যক্রম থেকে তাকে বিরত রাখা হয়েছে। সেইসঙ্গে ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”