জবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১১ নভেম্বর , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাসে উচ্চস্বরে কথা বলা নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের সামনে, শান্ত চত্বরে এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের রুমের পাশে এই ঝগড়া দেখা দিয়েছে।
প্রথমে সোমবার বাসে রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বাসের যাত্রা শেষে উভয় পক্ষ নিজেদের রুমে চলে যান। এরপর মঙ্গলবার সকালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫-১৬ জন শিক্ষার্থী মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালান। এরপর দফায় দফায় তিনবার সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি সামাল দিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিনের কক্ষে উভয় পক্ষকে বসানো হলেও পরিস্থিতি শান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রইছ উদ্দিনের কক্ষে সমঝোতার সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত হলে করিডোরে পুনরায় সংঘর্ষ হয়।
ভুক্তভোগী মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সামি উদ্দিন সাজিদ বলেন, “সোমবার সকাল ৭টায় বাসে আমরা গল্প করছিলাম। তখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদি বারবার আমাদের ধমক দেন। আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করলে তিনি উত্তেজিত হয়ে যান। মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা পরিকল্পিতভাবে আমাদের খুঁজে এসে হামলা চালায়।”
শিক্ষার্থীর অভিযোগ, এই হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়ে গিয়ে সংঘর্ষে রূপ নেয়।