প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৭ জুলাই , ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হাসান সাকিবকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (৫ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহিন বলেন, সাকিব বর্তমানে থানায় রয়েছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার শাখার সদস্য সচিব আহমদ রেজা হাসান মাহদীসহ চারজন নেতাকর্মীর ওপর হামলার মামলার প্রধান আসামি সাকিব।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত ৯ মে বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পুরাতন হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের সামনে মাহদী ও তার সঙ্গীরা হামলার শিকার হন।
এর দুদিন পর হবিগঞ্জ সদর মডেল থানায় সাকিবকে প্রধান আসামী করে মামলা করেন মাহদী।
এরপর সাকিবের দুই সহযোগী মামলার আসামি নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজু নামে দুইজনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
এর আগে, গত ৬ মে ‘শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা ও মামলা বাণিজ্যের’ অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।