মানিক হোসেন, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১২ মার্চ , ২০২৫
১০ লাখ টাকা বাজেট বরাদ্দ পেয়েও ডে কেয়ার সেন্টার স্থাপনে ব্যর্থ হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
বরাদ্দের টাকা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ব্যাংকে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কমর্চারীরা।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভর্তির পর ২০২৩ সালের ডিসেম্বরে ইউজিসি থেকে প্রাপ্ত টাকা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডে কেয়ার সেন্টার স্থাপনের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয়। ওই সময় ডে কেয়ার সেন্টারটি প্রতিষ্ঠার জন্যও ৭ সদস্যবিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করে প্রশাসন।
এই কমিটির আহ্বায়ক ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক সাইফুল ইসলাম এবং সদস্য সচিব ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক হিসাব পরিচালক শেখ জাকির হোসেন। তবে দীর্ঘদিন পরেও ডে কেয়ার স্থাপনে পদক্ষেপ নেয়নি প্রশাসন ও গঠিত বাস্তবায়ন কমিটি।
বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা বলেন, 'ডে কেয়ার সেন্টার না থাকায় আমাদের শিশুদের নিয়ে বিপাকে পড়তে হয় এবং কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে পারিনা। আমরা অতিদ্রুত ডে কেয়ার সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করছি।'
আরেক নারী অধ্যাপক বলেন, 'কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ার সঙ্গে ডে কেয়ার সেন্টারের প্রয়োজনীয়তাও বেড়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার থাকা উচিত। এটার অভাব কাজের উপর প্রভাব ফেলে। ইবিতে বাজেট বরাদ্দ আছে, প্রশাসন চাইলে এটি বাস্তবায়ন করতে পারে। তাই আমরা অতি দ্রুত এটির বাস্তবায়ন চাই।'
বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জাকির হোসেন জানান, 'বরাদ্দকৃত অর্থ অগ্রণী ব্যাংকের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ফিক্সড ডিপোজিট হিসেবে সংরক্ষিত রয়েছে।'
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানিয়েছেন, ভর্তি পরীক্ষার টাকা থেকে ডে কেয়ার সেন্টার চালুর জন্য বরাদ্দ রাখা হলেও পরবর্তীতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'নতুন প্রশাসন আসার পর এখন পর্যন্ত এটি নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। যেহেতু শিক্ষার সংস্কার আমাদের প্রধান অগ্রাধিকার। তাই বিষয়টি আমরা চিন্তা করব।'