জবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ১৩ নভেম্বর , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবার লিখিতের পরিবর্তে শুধু এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা বিবেচনায় পরীক্ষা একই দিনে ঢাকা, রাজশাহী, খুলনা ও কুমিল্লা—এই চার বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং ভর্তি কমিটির সদস্য অধ্যাপক মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লিখিত খাতা মূল্যায়নে নম্বর বৈষম্য এড়াতে এবার শুধুমাত্র এমসিকিউ পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। তবে এটি মুখস্থনির্ভর নয়, বরং বিশ্লেষণভিত্তিক প্রশ্ন থাকবে।
তিনি আরও জানান, চারটি বিভাগীয় শহরে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে—রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্রে।
পরীক্ষার মান বণ্টন: মোট ১০০ নম্বরের মধ্যে এমসিকিউতে ৭২, এসএসসি জিপিএতে ১০ ও এইচএসসি জিপিএতে ১৮ নম্বর। প্রতিটি অনুষদে তিন বিষয়ে ২৪ নম্বর করে প্রশ্ন থাকবে। ব্যবসায় অনুষদে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা; কলা অনুষদে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান; সামাজিক বিজ্ঞান অনুষদে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান/গাণিতিক বুদ্ধিমত্তা; আর বিজ্ঞান অনুষদে রসায়ন ও পদার্থবিজ্ঞান বাধ্যতামূলকসহ গণিত বা জীববিজ্ঞান থেকে একটি বিষয়ে পরীক্ষা হবে।
ভর্তি আবেদন শুরু হবে ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে, চলবে ৩ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://admission.jnu.ac.bd। আবেদন ফি প্রতিটি ইউনিটের জন্য ১,০০০ টাকা এবং ই-ইউনিটের জন্য ১,২০০ টাকা।
পরীক্ষার তারিখ অনুযায়ী—ই-ইউনিট (চারুকলা) ১৩ ডিসেম্বর, এ-ইউনিট (বিজ্ঞান) ২৬ ডিসেম্বর, সি-ইউনিট (বিজনেস স্টাডিজ) ২৭ ডিসেম্বর, ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান) ৯ জানুয়ারি এবং বি-ইউনিট (কলা ও আইন) ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “ভর্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব করতে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তে এসব পরিবর্তন আনা হয়েছে।”