রাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন আজ (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু। আবেদন চলবে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণরা চূড়ান্ত পরীক্ষার জন্য আবেদন করবেন।
রাবির আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম জানান, প্রথম দফায় ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন পূর্ণ না হলে পরবর্তী দুটি ধাপে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি এবং ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) জন্য ১১০০ টাকা এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাথমিক আবেদন শুরু হয়েছিল ২৭ জানুয়ারি। আবেদন শেষ হয়েছে ৫ ফেব্রুয়ারি রাত ১২টায়। এ বছর মানবিক তথা ‘এ’ ইউনিটে আবেদন সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৫৭টি, ‘বি’ ইউনিট তথা বাণিজ্য ইউনিটে ১ লাখ ৩ হাজার ৭৯টি এবং বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ২৩৬টি আবেদন জমা পড়েছে। প্রতিটি ইউনিটে প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ সর্বোচ্চ ৯২ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল।