প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৩ ফেব্রুয়ারি , ২০২৫
সরস্বতী পূজায় ঢাকার বিভিন্ন স্থানে আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে জ্ঞান, সমৃদ্ধি ও শিল্পকলায় পরিপূর্ণ সমাজের প্রত্যাশা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেছেন, “সরস্বতী পূজা বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে। এবারের সরস্বতী পূজা আমাদের সমাজেও বসন্তের আগমনী বার্তা নিয়ে আসুক। সরস্বতী দেবী বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, শিল্পকলার দেবী। সরস্বতী পূজা করা মানে জ্ঞানের পূজা করা, শিল্পকলার পূজা করা। সুতরাং সরস্বতী পূজা করা মানে আমাদের এ মূল্যবোধগুলোকে জ্ঞান এবং মানবিক মূল্যবোধগুলোকে উপরে তুলে ধরা। এর মাধ্যমেই আমরা একটি জ্ঞানসমৃদ্ধ এবং মানবিক সমাজ গড়ে তুলতে পারি।”
উপদেষ্টা সোমবার ঢাকায় রমনা কালীমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ সচিবালয় পূজা উদযাপন ও কল্যাণ পরিষদ আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষ্যে বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি জ্ঞান রঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম ও সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ কুমার বাড়েই বক্তব্য রাখেন। এর আগে উপদেষ্টা ঢাকায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষ্যে বাণী অর্চনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা, মঙ্গলালোক স্মরণিকা উন্মোচন, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের নিকট চেক হস্তান্তর করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ড. শেখ আব্দুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত জ্ঞানসেম ভান্ডারী, পূজা উদযাপন কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও কো-চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার বক্তব্য রাখেন।
উপদেষ্টা বিকালে বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উপলক্ষ্যে বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।