চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১৯ এপ্রিল , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় হলে মোবাইল নিয়ে ঢুকে গিয়েছিলেন এক পরীক্ষার্থী।
পরীক্ষার হল থেকে প্রশ্নের ছবি তুলে এক বন্ধুকে পাঠিয়েও দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত বন্ধু সাড়া দেয়নি, উল্টো কেন্দ্র পরিদর্শকের নজরে পড়ে মান সম্মান গেছে।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পরীক্ষার্থী নাম মুনতাসির কাদের তাওসিফ। তার ভর্তি পরীক্ষা রোল: ৪৬১৩০৬২১। 'এ' ইউনিটের পরীক্ষার প্রথম শিফটে সমাজবিজ্ঞান অনুষদের ৩০৪ নম্বর রুম থেকে আটক করা হয় তাকে। বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। চট্টগ্রামের চান্দগাঁও হাজেরা তজু ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে তিনি পাশ করেছিলেন।
তাওসিফ পরীক্ষার হলে ঢুকেছিলেন দেরি করে। তাড়াহুড়ার ভেতরে নিজের মোবাইলটিও সঙ্গে নিতে পেরেছিলেন। পরীক্ষা শুরুর আধাঘণ্টা পর ফেসবুকে শাফায়েত আহমেদ (সিহান) নামের এক বন্ধুর নিকট প্রশ্নের ছবি তুলে পাঠান তাওসিফ। তবে বন্ধু ম্যাসেজগুলো দেখার আগেই হল পরিদর্শকের হাতে ধরা পড়েন তিনি।
জানতে চাইলে রাবির সমন্বয়ক টিমের সঙ্গে আসা রাবির ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, চবির পরিদর্শকদের ধন্যবাদ, তারা দ্রুত বিষয়টি শনাক্ত করায় বড় কোনো সমস্যা সৃষ্টি হয়নি। অন্যথায় প্রশ্নের ছবি কোনো চক্রের হাতেও চলে যেতে পারতো। তবে জিজ্ঞাসাবাদে মনে হয়েছে ছেলেটি ওরকম কোনো চক্রের সঙ্গে জড়িত না। সে তার বন্ধুর কাছে পাঠিয়েছে প্রশ্নটি।
রাবির ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল ইসলাম বলেন, আমরা মূলত দীর্ঘসময় জিজ্ঞাসাবাদের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি সে কোনো লেনদেন করে এসব করেছে কি-না! কিন্তু তার পারিবারিক অবস্থা এবং যাকে প্রশ্ন পাঠিয়েছে তার রেসপন্স দেখে মনে হয়েছে ওরকম কিছু না। এছাড়া দ্বিতীয় শিফটের প্রশ্ন যেহেতু ভিন্ন। তাই কোনো সমস্যার সম্ভাবনা নেই। তার বিষয়টি প্রক্টরিয়াল বডি দেখছে।