প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২ মে , ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক মো. হযরত আলী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়টিতে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য তিনি রুটিন দায়িত্ব পালন করবেন। বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক এস কে শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর ছয় দিনের মাথায় উপাচার্যের দায়িত্বে কাউকে বসানো হল।
ছাত্রজনতার গণআন্দোলনে গত ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর সেপ্টেম্বরে কুয়েটের উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক মাছুদ। এরপর ডিসেম্বরে উপ-উপাচার্য হন শরিফুল আলম।
ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের জেরে উপাচার্যের পদত্যাগের দাবি ওঠে। কুয়েট ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার পদত্যাদের দাবিতে বিক্ষোভ হয়। দাবি পূরণে শেষপর্যন্ত অনশনে বসেন কুয়েটের কিছু শিক্ষার্থী। এরপর উপাচার্য ও উপউপাচার্যকে দায়িত্ব থেকে সরানো হয়। তাদের অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে ফিরে যেতে বলা হয়।