জাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ১০ ও ১১ সেপ্টেম্বর ক্লাসও বন্ধ থাকবে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত অনুশীলনী ও চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে। তবে ওই দিন নিয়মমাফিক ক্লাস চলবে। ১০ ও ১১ সেপ্টেম্বর সব ক্লাস ও পরীক্ষা দুটোই বন্ধ থাকবে। এছাড়া জাকসু উপলক্ষ্যে উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস এবং পরীক্ষা স্থগিত থাকবে ১২ ও ১৩ সেপ্টেম্বর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞপ্তি জারির দিন থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত নতুন করে কোনো সেমিস্টার বা পর্বের চূড়ান্ত পরীক্ষার রুটিন ঘোষণা করা যাবে না। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
এদিকে নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে সব প্রার্থীর জন্য বাধ্যতামূলক ডোপ টেস্ট চালু করেছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, “সব প্রার্থীকে অবশ্যই ডোপ টেস্ট করতে হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে সময় জানানো হবে। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রেই নমুনা দেবেন।”
দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। এবারের নির্বাচনে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। ভিপি পদে লড়ছেন ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন ৯ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে একজন এবং জিএস পদে দুইজন নারী শিক্ষার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিক্ষার্থীদের দাবি, বহু প্রতীক্ষিত এ নির্বাচন যেন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়। কর্তৃপক্ষ বলছে, জাকসুকে ঘিরে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।