কুবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৬ জুলাই , ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা থেকে ৩০ মিনিট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
পরে এনসিপি আহ্বায়ক ও জুলাই আন্দোলনের প্রধান পুরোধা নাহিদ ইসলামের নতুন নির্দেশনা আসার পর সে অনুযায়ী ব্লকেড তুলে নেওয়া হয়।
ব্লকেডে শিক্ষার্থীরা, গোপালগঞ্জে হামলা কেন, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব চাই,' গোপালগঞ্জের গোলাপি, আর কতকাল জ্বালাবি, একটা একটা লীগ ধর, ধইরা ধরইরা জেলে ভর, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’য় নাগরিক পার্টির নেতাকর্মীর ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা দফায় দফায় হামলা করে৷ তারা এনসিপির সভা শুরু হওয়ার আগেই মঞ্চ ভাংচুর করে, পুলিশ ও ইউএনওর গাড়িতে আগুন দেয় এবং বিকালে সভা শেষে মঞ্চের চেয়ার ও অন্যান্য আসবাবপত্র পুড়িয়ে দেয়।
এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় সন্ত্রাসীদের সংঘর্ষ বাঁধলে সেখানে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।