প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২৯ সেপ্টেম্বর , ২০২৫
আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলা স্থগিত করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে অমর একুশে বইমেলা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে নির্ধারিত মেলার তারিখ স্থগিত করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬ সালের অমর একুশে বইমেলা ২০২৫ সালের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
ফেব্রুয়ারিতে পবিত্র রমজান ও তার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি বিবেচনায় এনে এবারের মেলা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনার কারণে ডিসেম্বর ও জানুয়ারিতে মেলা আয়োজন করা হচ্ছে না।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ডিসেম্বরে বইমেলা করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর তা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আবারও আলোচনা করে নতুন সময় নির্ধারণ করা হবে।”
উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২১ সালে অমর একুশে বইমেলা মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল। পরের বছর ২০২২ সালে মেলা শুরু হয় ১৫ ফেব্রুয়ারি, যা চলে মার্চের মাঝামাঝি পর্যন্ত।