প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৫ জুন , ২০২৫
রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ইসির প্রজ্ঞাপনে উচ্চ আদালতের রায়ের কথা উল্লেখ করে বলা হয়, ২০১৮ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।
ফলে আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়েই অংশ নিতে পারবেন দলের প্রার্থীরা।
এর আগে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৪ জুন বৈঠক করে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি।
সেদিন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, অতিসত্বর জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে, সে ব্যবস্থা ইসি গ্রহণ করছে। তবে দলীয় প্রতীকের ক্ষেত্রে একটি দাপ্তরিক প্রক্রিয়া আছে, এ জন্য একটু সময় লাগবে।
পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল নিষ্পত্তির আগেই ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন।
এ কারণে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে পারেননি দলটির নেতারা। তারা বিএনপির ধানের শীষ প্রতীকে অংশ নিয়েছিলেন। দীর্ঘ ৭ বছর পর রাজনৈতিক দল হিসাবে আবারও ইসিতে নিবন্ধন পেল জামায়াতে ইসলামী।