প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১ ফেব্রুয়ারি , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে শিক্ষা ও প্রশাসনিক কাজ স্বয়ংক্রিয়করণের জন্য অটোমেশনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এতে চারটি প্রফেশনাল সফটওয়্যার কোম্পানির প্রস্তাব ও পরামর্শ বিবেচনায় রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্র জানায়, অটোমেশন-সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভাপতি ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় অটোমেশনের রোডম্যাপ ঘোষণা করা হয়।
ঘোষিত রোডম্যাপে শিক্ষা ও প্রশাসনিক সার্ভিসগুলো স্বয়ংক্রিয়করণের লক্ষ্যে প্রজেক্টভিত্তিক সাতজন বিশেষজ্ঞ শিক্ষক, একজন কর্মকর্তা এবং একজন কর্মচারীর সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে অটোমেশন উইং খোলা। এক মাসের মধ্যে বাজেটসহ ব্যবসায়িক প্রয়োজনীয়তার নথি (বিআরডি) এবং পরীক্ষার অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার (ইওএমএস)-এর জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি। একমাস ১৫ দিনের মধ্যে বিআরডি এবং ইওএমএসর জন্য পত্রিকায় টেন্ডারের বিজ্ঞপ্তি দেওয়া। এক মাসের মধ্যে কার্যাদেশ দেওয়া ও চুক্তি সম্পন্ন করা। বিআরডি অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু ও চলমান রাখা তিন মাসের মধ্যে ইওএমএসর টেস্ট সম্পন্ন করা, ইওএমএস ডিপ্লয়মেন্ট সম্পন্ন করা। দুই মাসের মধ্যে ইওএমএসর ইউজহার টেস্ট করা।
সর্বোপরি, ২০২৬ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসে ইওএমএস উদ্বোধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।