প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৫ জুলাই , ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য হিসেবে ড. হেলালীর মেয়াদ চার বছর হবে। তিনি অবসরকালীন বেতন-ভাতার সমপরিমাণ সুবিধা পাবেন এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। উপাচার্য হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হন। এরপর শিক্ষক-শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে ২৬ এপ্রিল উপাচার্য ও সহ–উপাচার্যকে অপসারণ করে সরকার।
পরবর্তীতে ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও শিক্ষক সমিতির বিরোধিতার মুখে তিনি ২২ মে পদত্যাগ করেন। উপাচার্য নিয়োগের জন্য ১০ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার।
উপাচার্য নিয়োগ বিলম্ব হওয়ায় কুয়েটের শিক্ষা কার্যক্রম কার্যত পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। বুধবার (২৩ জুলাই) শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনের মাধ্যমে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি তোলা হয়। একই দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকেরাও দীর্ঘদিন ধরে কর্মসূচি চালিয়ে আসছিলেন।
ড. মাকসুদ হেলালীর নিয়োগে অবশেষে কুয়েটের অচলাবস্থা কাটার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।