জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ৭ মে , ২০২৫
বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে,
আবাসন ভাতা ও হল নির্মাণসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বুধবার (৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে মিছিল শুরু
হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়।
ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, “২০২৪ সালের আন্দোলনে
এমন কোনো দিন ছিল না, যেদিন পুরান ঢাকায় আন্দোলন হয়নি। আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে
আপনারা মন্ত্রণালয় গঠন করেছেন, অথচ আজ আমাদের উপরই বৈষম্য করছেন। আবাসন ভাতা ছাড়া
জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলতে পারে না।”
পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা ইউজিসি চেয়ারম্যানকে
উদ্দেশ করে তিনি বলেন, “আপনার সেই পদে বসতে জবি শিক্ষার্থীদের ত্যাগ আছে। সুতরাং বৈষম্য
বন্ধ করুন এবং জবির শিক্ষার্থীদের আবাসনসহ চার দাবি দ্রুত মেনে নিন। তা না হলে আমরা
শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করবো।”
উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, “হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো চলবে, নয়তো চিরতরে বন্ধ হয়ে যাবে। ঢাকার মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাজেটে এত বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবির প্রতি সহানুভূতিশীল। শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়ার চেষ্টা করছি এবং তাদের চার দফা দাবিপূরণে সর্বোচ্চ চেষ্টা করছি। তবে আমাদেরও সীমাবদ্ধতা আছে। বাজেট বৃদ্ধির নীতিমালাতেও ত্রুটি আছে, এজন্য আমরা ইউজিসি সংস্কারের প্রস্তাব দিয়েছি।”