ইবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২৫ জুন , ২০২৫
ভর্তিতে অযৌক্তিক কোটা বাতিল দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শারীরিক প্রতিবন্ধকতা ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর কোটা রেখে অন্য সকল কোটা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই বাতিলের দাবি করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে মঙ্গলবার (২৪ জুন) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবিলম্বে কোটা প্রথা বাতিল না করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা লাগানোর হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কোটার প্রহসন দূর করতে হবে’, ‘প্রশাসন কি আবারও রক্ত দেখতে চায়’, ‘এই কোটার জন্যই কী রক্ত ঝরালাম’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘রক্তাক্ত জুলাই এর সাথে বেইমানি’, ‘কাদের স্বার্থ রক্ষায় এখনও কোটা’, ‘কোটা বিলুপ্তিতে আবারও রক্ত দেব’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
তারা বলেন, “শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার কোটা বন্ধের যৌক্তিক দাবি জানানোর পরও বর্তমান প্রশাসন কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে? প্রশাসন কি এতটাই অযোগ্য ও দুর্বল যে এমন একটি অনৈতিক কোটা প্রথা বিলুপ্ত করার সাহসটুকুও তাদের নেই? নাকি কোটার মতো এই বাটপাড়ি পদ্ধতির সুবিধাভোগী কোনো শক্তিশালী চক্রের কাছে তারা জিম্মি? তাদের এই রহস্যজনক ভূমিকা আজ সাধারণ শিক্ষার্থীদের মনে তীব্র ক্ষোভ ও অনাস্থার জন্ম দিয়েছে।” অনতিবিলম্বে অযৌক্তিক কোটা বাতিল না করলে কঠোর আন্দোলনের হুশিযারি দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এসএম সুইট বলেন, “আমাদের জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল কোটা প্রথার বিরুদ্ধে। কিন্তু এতোগুলো ভাইয়ের শাহাদাত বরণের পরও এখনও বিশ্ববিদ্যালয়ে কীভাবে কোটা প্রথা বহাল থাকে? আমরা বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের কোটা প্রথার বিলুপ্তি চাই। শারীরিক প্রতিবন্ধকতা ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য কোটা রাখা রেখে অন্য কোটা অবিলম্বে বাতিল করতে হবে।”