প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২০ এপ্রিল , ২০২৫
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, মুজিবুর রহমান চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে মোট ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
মুজিবুর রহমান চৌধুরীর গুলশান আবাসিক এলাকায় ১০ কাঠা ৩ ছটাক জমির ওপর নির্মিত দি সেরেনিটি নামে দুটি বেজমেন্টসহ ১৩ তলা আবাসিক ভবনের ৭ম তলার (একটি গ্যারেজ ও কমনস্পেস সহ) সর্বমোট ৫১৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাট এবং অচিহ্নিত ১৭০ অযুতাংশ ভূমি রয়েছে। এই সম্পদ ২০১৩ সালের ২৯ জানুয়ারি বণ্টন চুক্তি মোতাবেক মজিবুর রহমান চৌধুরীর প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে করা হয়।
পরবর্তীতে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করা হয়। যা মুজিবুর রহমান চৌধুরী তার অর্জিত অবৈধ অর্থ দ্বারা ক্রয় করেন।
কে এই তারিন হোসেন?
নিক্সন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী তারিন হোসেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে।
প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যুর পর ২০১৬ সালের জুলাই মাসে তারিনকে বিয়ে করেন নিক্সন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।
আগের সংসারে তারিনের এক সন্তান ছিল, আর নিক্সন চৌধুরীরও আগের সংসারে ছিল একটি মেয়ে।
নিক্সন চৌধুরী সাবেক সংসদ সদস্য ও বাংলার বাণীর অন্যতম প্রতিষ্ঠাতা ইলিয়াস আহমেদ চৌধুরীর ছেলে।
তার আরেক ভাই নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের সদস্য ও সাবেক হুইপ ছিলেন।
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার নাতনি তারিন হোসেন বর্তমানে পত্রিকাটির প্রকাশক। আর সম্পাদক তার মা তাসমিমা হোসেন।