জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ২৯ জানুয়ারী , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ভর্তি পরীক্ষা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার (২৯ জানুয়ারি) কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
ভর্তি পরীক্ষার প্রথম দিন ৯ ফেব্রুয়ারি (রবিবার) জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ছাত্রীদের পরীক্ষা পাঁচ শিফটে অনুষ্ঠিত হবে। পরদিন ১০ ফেব্রুয়ারি একই ইউনিটের ছাত্রদের পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। একই দিনে (সোমবার) ৫ম শিফটে আইবিএ-জেইউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রথম দুই শিফটে বিজনেস স্টাডিজ অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৩য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১২ ফেব্রুয়ারি গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত ‘এ’ ইউনিটের ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছয় শিফটে কলা ও মানবিকী অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৭ ফেব্রুয়ারি সোমবার ১ম শিফটে ‘সি১’ ইউনিটের এবং একই দিনে পরের তিন শিফটে সমাজবিজ্ঞান অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এবার সর্বমোট ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে এবার ১৪৫ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন।