রাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২৮ আগস্ট , ২০২৫
শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন তারিখ অনুযায়ী তফসিলের অন্যান্য তারিখও কিছুটা পরিবর্তন হবে।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্বঘোষিত তফসিল পরিবর্তন করে ভোটগ্রহণের তারিখ ১৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছিল। পাশাপাশি ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, “২৮ তারিখ সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী। এ কারণে শিক্ষার্থীদের আপত্তি ছিল। তাদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নির্বাচনের তারিখ এগিয়ে এনে ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করেছি।”
নতুন সূচি অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।