ঢাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২৭ মে , ২০২৫
রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক ছাত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও হেনস্থার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েক ছাত্র।
সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টায় মার্কেটের ‘জেসমিন ফেব্রিকস’ নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।
মারধরে গুরুতর আহত ঢাবির ২০২৩-২৪ সেশনের ছাত্র শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমানকে
ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে সেবা দেওয়া হয়। আহত হন আরও ১০-১২ জন ছাত্র।
ভুক্তভোগী শাহেদ বলেন, “আমাদের এক বান্ধবী কেনাকাটা করতে যেয়ে না কিনে ফিরে আসায় তাকে দোকানদারসহ কয়েকজন বাজে ভাষায় অপমান করে। তখন আমরা সেখানে এটির প্রতিবাদ করতে গেলে আমাদের প্রায় ৪০ থেকে ৫০ জনের মতো একসঙ্গে মারপিট করে। মারপিটের পর আবার আলাদা রুমে আটকে নির্যাতন করে।”
এই ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা ঘটনাস্থলে জড়ো হয়ে দোকানটি ভেঙে দেয়।
নিউমার্কেট জোন পুলিশের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, ছাত্ররা একজনকে আমাদের হাতে তুলে দিয়েছে। নিউমার্কেট থানা পুলিশ আরও দুইজনকে আটক করেছে।
ঘটনাস্থলে সম্পূর্ণ সিসি টিভি ক্যামেরা রয়েছে। ভিডিও বিশ্লেষণ করে দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।