বেরোবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১৯ ফেব্রুয়ারি , ২০২৫
জুলাই বিপ্লবে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে প্রথমবারের মতো বইমেলা শুরু হয়েছে।
বেরোবির স্বাধীনতা স্মারক মাঠে মঙ্গলবার বিকেলে মেলার উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহীদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।
বইমেলায় ৪০টি স্টল অংশ নিচ্ছেন। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
বেরোবি উপাচার্য ড. মো. শওকাত আলী জানান, আবু সাঈদের আত্মত্যাগের স্মরণে এই বইমেলা একটি সাংস্কৃতিক অভিযাত্রা এবং এর মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে। ভবিষ্যতে বইমেলার পরিসর আরও বৃদ্ধি করা হবে।
উদ্বোধনী দিনে লেখক-পাঠক আড্ডায় অংশ নেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারসহ বিভিন্ন কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা।
উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক, সদস্য সচিব অধ্যাপক ড. মো. শাহজামান, সদস্য অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, ড. মো. তানজিউল ইসলাম, ড. মো. ফেরদৌস রহমান, ড. মো. মনিরুজ্জামান, মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, সিরাজাম মুনিরা, ত্বহা হুসাইন, মিডিয়া ব্যবস্থাপনার উপ-কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম।