ইবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ৪ জুলাই , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই বর্ষপূর্তির প্রথম দিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার (২ জুলাই) শহীদ সাব্বিরের কবর জিয়ারত, বৃক্ষরোপন এবং ১১ জন জুলাই আহতদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়।
সকাল সাড়ে ৯ টায় জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলার অন্যতম শহীদ সাব্বির আহম্মেদের কবর জিয়ারত করেন সমন্বয়করা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক তানভির মন্ডল, ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রব্বানীসহ কয়েকজন নেতাকর্মী। তারা কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সাথে কথা বলেন। তাদের খোঁজখবর নেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এরপর দুপুর আড়াইটায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১১জন শিক্ষার্থীর মাঝে উপাচার্য ব্যক্তিগত ফান্ড থেকে অর্থ সহায়তা দেন।
সহায়তা পাওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা অনেক ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ পেয়েছি। এখনও বহু জুলাই যোদ্ধারা সারা দেশে হাসপাতালে কাতরাচ্ছে। সরকারের কাছে সবিনয়ে অনুরোধ, যাতে সকলের নূন্যতম চিকিৎসার ব্যবস্থা করা হয়।”
বিকাল ৫ টায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও জুলাইয়ের স্মৃতি রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. উবায়দুল ইসলাম, ডিন'স কমিটির সভাপতি ও ধর্মতত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ অন্যান্য সমন্বয়করা, ছাত্র শিবিরের সভাপতি ও ছাত্রদলের আহ্বায়কসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, “আজকের এই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সূচনা হয়। আমাদের সকল শহীদদের স্মৃতির স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি সূচনা হচ্ছে, এ কর্মসূচি পুরো মাস ব্যাপি হবে।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “রোপণ করা গাছগুলো জুলাই বিপ্লব ১ম বছর উদযাপনের স্মৃতি হয়ে থাকবে। আমরা অন্যায়কে দূরীভূত করবো, জুলুমকে দূরীভূত করবো, সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবো এবং ঐক্যবদ্ধ সমাজ নতুন বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।