প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৭ আগস্ট , ২০২৫
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অবিলম্বে অনুমোদনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।
অনশনের প্রথম দিনেই অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুইজ ও রায়হান অসুস্থ হয়ে পড়েন।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, “আমরা সকাল ১১টা থেকে গণঅনশন শুরু করেছি। এখন আমরণ অনশনে গিয়েছি। আগামীকালের (১৭ আগস্ট) একনেক সভায় যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হয়, তবে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। আমাদের একটাই দাবি—অবিলম্বে অনুমোদন।”
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ইতোমধ্যে কয়েক দফা কর্মসূচি পালন করছেন। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়, এরপর থেকে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি চলছে।
শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভবন-৩–এ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতীকী অনশনে বসেন। একই সময় শিক্ষার্থীরা গণঅনশন কর্মসূচি পালন করেন। তাদের প্রতি সংহতি জানাতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য-সচিব সাইফ মুস্তাফিজ, বহল বাড়ি ও বুড়ি পোতাজিয়া সচেতন নাগরিক ফোরাম, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম, মালিথা স্মৃতি পরিষদ ও শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটির নেতারা।
শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজ হুঁশিয়ারি দিয়ে বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শাহজাদপুর থেকে সরানোর চেষ্টা হলে স্থানীয় জনগণ কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলবে।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। ১৭ আগস্টের একনেক সভায় অনুমোদন না হলে লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হব।”