জাবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ১৪ নভেম্বর , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ২১ ডিসেম্বর থেকে—চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কেন্দ্রীয় কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা। তিনি জানান, সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিনগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের মতো এবারও সাতটি ইউনিটে পালা পদ্ধতিতে ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া হবে। তিনি আরও জানান—
এ ইউনিটে পরীক্ষা হবে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য।
বি ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের বিভাগগুলো।
সি ইউনিটে আইন অনুষদ, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং কলা ও মানবিক অনুষদের বিভাগগুলো।
ডি ইউনিটে জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো।
ই ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদ।
সি–১ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ।
আইবিএ–জেইউ ইউনিটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর থেকে শুরু হলেও কোন ইউনিটের পরীক্ষা কোন দিনে হবে, তা এখনো নির্ধারণ হয়নি। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করে তারিখ চূড়ান্ত করা হবে। দুই–তিন দিনের মধ্যে সময়সূচি ও ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে তিনি জানান।