প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১৬ জুলাই , ২০২৫
নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্যবাহী নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে। বুধবার (১৬ জুলাই) দুপুরে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “কর্তৃপক্ষের নির্দেশে ‘নৌকা’ প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।”
এ দিন সকালে ইসির ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় আওয়ামী লীগের নাম দেখা গেলেও নৌকা প্রতীকটি সেখানে ছিল না।
এদিকে, একই দিনে বহু বছর পর জামায়াতে ইসলামী বাংলাদেশের পুরোনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ আবার ইসির ওয়েবসাইটে যুক্ত হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ১৩ জুলাই জানিয়েছিলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও তাদের প্রতীক তখনো বাতিল হয়নি। তবে মাত্র কয়েক দিনের ব্যবধানে নৌকা প্রতীক সরানোর ঘটনা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?… কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এই মার্কা রাখছেন আপনারা?” তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে আরও প্রশ্ন ছুড়ে দেন, “পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?”
উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে ইসি।
অন্যদিকে, বুধবার দুপুর ২টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের দপ্তরে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক সংক্রান্ত গেজেট ও তালিকা হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সিস্টেম ম্যানেজার রফিকুল হক।
প্রসঙ্গত, ২০১৩ সালে আদালতের রায়ে জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হয়। এরপর ২০১৬ সালে একটি ফুলকোর্ট সভার সিদ্ধান্তে দলটির প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, যদিও সেটি কোনো আদালতের রায় ছিল না।
বর্তমান পরিস্থিতিতে দুটি প্রতীকের এ বিপরীতমুখী পরিণতি রাজনীতিক ও জনসাধারণের মধ্যে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি ব্যাখ্যা করেনি।