রাবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ৬ অক্টোবর , ২০২৫
দুই সপ্তাহের ছুটি শেষে ফের প্রাণ ফিরে পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকেই শুরু হয়েছে ক্লাস-পরীক্ষাসহ সব দাপ্তরিক কার্যক্রম। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাসজুড়ে প্রতিটি প্রান্ত। এর মধ্যেই জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণা।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসজুড়ে প্রচারণা চালান। কেউ লিফলেট বিতরণ করেন, কেউ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত থাকেন। ক্লাসের ফাঁকে শিক্ষার্থীদের দল বেঁধে আড্ডা দিতে দেখা যায় বিভিন্ন চত্বরে।
সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় ছাত্রদল-সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল ইসলামকে লিফলেট বিতরণ করতে দেখা যায়।
তিনি বলেন,“দীর্ঘ অচলাবস্থার পর ক্যাম্পাসে শিক্ষার্থীরা ফিরেছেন। সবার মাঝে নতুন এক উচ্ছ্বাস কাজ করছে।”
‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী মারুফ বলেন, “ক্যাম্পাসে আবার উৎসবের আমেজ ফিরেছে। সকাল থেকে প্রচারণা চালাচ্ছি, শিক্ষার্থীরাও ইতিবাচক সাড়া দিচ্ছেন।”
অন্যদিকে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের মহিলাবিষয়ক প্রার্থী সামসাদ জাহান বলেন, “আমরা চাই নির্বাচনী আমেজ ফিরিয়ে আনতে। তবে নির্বাচনের পরিবেশ যেন সবার জন্য অংশগ্রহণমূলক হয়।”
শিক্ষার্থী সিয়াম আহম্মেদ বলেন, “আমাদের প্রত্যাশা, নির্বাচিতরা যেন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেন ও সমস্যা সমাধানে পাশে থাকেন।”
প্রথমে ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু পোষ্য কোটা পুনর্বহালকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষক–কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও কর্মকর্তা–কর্মচারীরা কর্মবিরতিতে যান।
পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন নতুন তারিখ নির্ধারণ করে ১৬ অক্টোবর। পরে কর্মবিরতি প্রত্যাহার করে শিক্ষক–কর্মকর্তারা, আর শুরু হয় শারদীয় দুর্গাপূজার ছুটি।
রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার চালানো যাবে। শেষ দিন (১৪ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত প্রচারণার অনুমতি থাকবে।
রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান বলেন, “আগে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় ছিল। এখন সকাল ৮টা থেকে শুরু করার সুযোগ দেওয়া হয়েছে, যেন প্রার্থীরা আরও বেশি সময় শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারেন।”