জাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৭ এপ্রিল , ২০২৫
গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। এরপর ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কের প্রদক্ষিণের পর পুনরায় শহীদ মিনারে ফিরে সংহতি সমাবেশ করেন।
বিক্ষোভকারীরা ‘ফ্রম দ্য রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘হামাসের যোদ্ধারা লও লও, লও সালাম’, ‘ইন্তিফাদা ইন্দিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে’ প্রভৃতি স্লোগান দেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “একজন মানুষ হিসেবে মানবতার প্রশ্নে আমাদের কী করণীয় সেটা আমাদের বের করতে হবে। আমি একজন সাধারণ মানুষ একটা প্রতিষ্ঠানে কাজ করছি, ওইখানে গিয়ে আমি তেমন কিছু করতে পারব না।
“তবে আমি সেই সকল বিখ্যাত মানুষদের, যারা মানবাধিকার নিয়ে চিৎকার করে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মুসলমান কিংবা ভিন্ন ধর্মের মানুষের রক্ত যদি আপনাদের হৃদয়ে স্পর্শ না করে তাহলে আপনারা আসলে অধিকার কর্মী নন। আপনাদের এই অধিকার কর্মটি হচ্ছে পৃথিবী শাসন করার কৌশল, পুঁজিবাদ টিকিয়ে রাখার কৌশল।”
তিনি বলেন, “কোনো অর্থনীতি বা কোনো রাজনীতি আজকে গাজায় যে গণহত্যা হয়েছে, সেটাকে সমর্থন করে না। যে গণতন্ত্রের সবক দিয়ে আপনারা গাজায় মানুষ মারছেন, শিশুদেরকে হত্যা করছেন। গাজার এ শিশুদের রক্ত আপনাদের স্বপ্রয়াসের বিরুদ্ধে যায়, দয়া করে আপনারা মানুষ হন, তারপরে পৃথিবীর শাসন করুন।”
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “যারা মানবতার ধারক ও বাহক হিসেবে নিজেদের পরিচয় দেয়, তারাই আজ গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলিদেরকে ফিলিস্তিনের মুসলমানরা আশ্রয় দিয়েছিল, মানবিকতার খাতিরেই তাদের পাশে দাঁড়িয়েছিল। অথচ আজ সেই ইসরায়েল একের পর এক নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “রোববার আমি এমন একটি ছবি দেখেছি—এক শিশুর মস্তিষ্ক ছিন্ন হয়ে পড়ে আছে শরীর থেকে। এমন হৃদয়বিদারক দৃশ্য প্রতিদিন আমাদের দেখতে হচ্ছে। এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না। আমি আরব বিশ্বের নেতাদের কাছে অনুরোধ জানাই—আপনাদের বিবেককে জাগ্রত করুন।”
এছাড়া ও সমাবেশে বক্তারা গাজায় চলমান বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং সারা পৃথিবীর মানুষকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বানও জানান তারা।
বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব, প্রক্টর এ কে এম রাশিদুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।