ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৪ এপ্রিল , ২০২৫
তরুণ ও যুবসমাজের মাঝে আইনী সচেতনতা বৃদ্ধি ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে ক্যাম্পেইন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনালাইটেন্ড সোসাইটি"।
ক্যাম্পেইনে 'নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন' বিষয়ক সচেতনতামূলক আলোচনা করেন সংগঠনটির সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করে সংগঠনটি। এসময় শিক্ষার্থীদের সচেতনতায় উদ্বুদ্ধ করতে আইন বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক তামান্না ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
সংগঠনটির সদস্য তুহিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে নারী ও শিশু নির্যাতন এর প্রতিকার, শাস্তি, ভয়াবহতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এর অপরাধ ও শাস্তির বিষয়ে ধারণা দেয়া হয় তাদের।
সংগঠনটির সাধারণ সম্পাদক তামান্ন ইসলাম বলেন- সমাজ ও রাষ্ট্রের সকল নাগরিকের আইন জানা ও মানা জরুরি। এছাড়াও সমাজে দিন দিন নারীর প্রতি সহিংসতা এবং মাদকাসক্ত প্রতিনিয়ত বেড়েই চলেছে। যার জন্য তরুণ সমাজের সচেতনতা অতি জরুরি। তাই তরুণ শিক্ষার্থীদের মাঝে এর পরিণাম ও ভয়াবহতা সম্পর্কে অবহিত করতেই এই আয়োজন।
ল' অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই সমাজের সকল স্তরে আইনী সচেতনতায় কাজ করে যাচ্ছে।