প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৩০ মার্চ , ২০২৫
সাত বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় আনন্দের এই দিন কাটান তিনি।
রোববার খালেদার ঈদ উদযাপনের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তারেক রহমান। একটি ছবিতে খালেদার সঙ্গে দেখা গেছে তারেক রহমান, তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বড় নাতনি জাইমা রহমান।
সৌদি আরবের পাশাপাশি যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে রোববার ঈদুল ফিতর উদ্যাপন করা হয়।
জিয়া পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে, লন্ডন সময় রোববার সকালে ঈদের নামাজ পড়ে বাসায় ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে নিয়ে ছবিটি তুলেছেন।
এর আগে সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে আসেন খালেদা জিয়া। ওই সময় তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করেন। এরপর দীর্ঘদিন কারাবন্দী থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করা হয়নি তার।
মায়ের সঙ্গে ওই ছবি পোস্ট করে ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, “সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ প্রার্থনা করেছে, যেন অবাধ ও গণতান্ত্রিক জাতি হিসাবে ঈদ উদযাপন করা যায়- যেখানে তাদের কণ্ঠকে রূদ্ধ করার মতো স্বৈরাচারী শাসক থাকবে না। ২০২৪ সালে এসে কবুল হয়েছে তাদের সেই প্রার্থনা।
চমৎকার সাজে চেনা রূপে খালেদা জিয়াকে দেখে ওই পোস্টের কমেন্টেস বক্সে সাবেক প্রধানমন্ত্রীকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন অনেকে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার সকাল ১০টায় লন্ডনের কিংসমিডো স্টেডিয়ামের খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ উজ্জামান সোহেল জানিয়েছেন, তারেক রহমানের সঙ্গে ঈদের জামাতে অংশ নিতে কিংসমিডো স্টেডিয়ামে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতা–কর্মী উপস্থিত হন।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ বলেন, আজ লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্য বিএনপির নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।