বেরোবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ১৯ জুন , ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিশেষ উন্নয়ন প্রকল্পে প্রায় চার কোটি টাকার অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সাবেক দুই উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ, এ কে এম নূর-উন-নবীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আ. সালাম বাচ্চু ও এম এ হাবিবুর রহমান (৬৮)।
বুধবার (১৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
দুদক মহাপরিচালক বলেন, প্রকল্পের অনুমোদিত নকশা উপেক্ষা করে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে চুক্তি সম্পাদন, নিরাপত্তা জামানতের অর্থ দিয়ে ঠিকাদারকে ঋণ দেওয়া, ব্যাংক গ্যারান্টি ছাড়া অগ্রিম বিল প্রদান এবং মোট চার কোটি টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে।
দুদকের অনুসন্ধানে আরও জানা গেছে, চুক্তিতে অগ্রিম বিলের কোনো বিধান না থাকলেও আর্থিক সহযোগিতার নামে ঠিকাদারদের অগ্রিম অর্থ দেওয়া হয়, যা পরে ব্যাংক গ্যারান্টি সমন্বয়ের আগেই অবমুক্ত করা হয়।
এ ছাড়া প্রথম পরামর্শক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নকশা উপেক্ষা করে সরকারি ক্রয় বিধিমালা লঙ্ঘন করে নতুন পরামর্শক নিয়োগ ও দরপত্রে অস্বাভাবিক মূল্য প্রস্তাব যাচাই না করেই চুক্তি সম্পাদনের অভিযোগও রয়েছে।