প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৩১ জুলাই , ২০২৫
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধা’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এতে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অবরোধকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। স্লোগানে তারা বলেন, ‘জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে, দিতে হবে’।
তাদের দাবির মধ্যে রয়েছে—
- জুলাই শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান,
- শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করা,
- আহতদের পূর্ণ পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণ ব্যয় রাষ্ট্রকে বহন করা,
- আজীবন সম্মানজনক ভাতা চালু করা,
- বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা,
- দমন-পীড়নের জন্য দায়ীদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করা,
- স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ ও আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং সেখানে বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছে।
এদিকে, জাতীয় ঐকমত্য কমিশন আজকের মধ্যেই দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায়। তবে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা এখনো শেষ হয়নি।
জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়নের শর্ত নিয়েই তাদের আপত্তি। তারা সনদকে একটি আইনি কাঠামোর মধ্যে আনতে চায়, যাতে বাস্তবায়নের নিশ্চয়তা থাকে। তবে বিএনপি খসড়া সনদের সঙ্গে মোটামুটি একমত বলে জানিয়েছে।