রাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ৫ আগস্ট , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষকদের ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে আখ্যায়িত করে তাদের নাম ও ছবিসহ তালিকা প্রকাশ এবং বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন শাখা ছাত্রদলের নেতারা। কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ আগস্ট দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা প্রদর্শন করে বিক্ষোভ করবে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম। তিনি বলেন, “জুলাই গণআন্দোলন ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্রসমাজের এক ঐতিহাসিক প্রতিরোধ। অথচ সে সময়ে কিছু শিক্ষক ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নে সহায়তা করেছেন। এ ধরনের শিক্ষকদের বিচার হওয়া প্রয়োজন।”
তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন প্রশাসনের ভিসি, প্রো-ভিসি ও প্রক্টরের প্রত্যক্ষ নির্দেশ ও উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। অথচ তারা এখনো বিশ্ববিদ্যালয়ে বহাল আছেন এবং নিয়মিত সরকারি সুবিধা ভোগ করছেন।
বর্তমান প্রশাসনের দিকেও অভিযোগ তুলে তিনি বলেন, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বর্তমান প্রশাসনও বিগত প্রশাসনের ধারাবাহিকতায় একচেটিয়া ও পক্ষপাতমূলক আচরণ করছে। শিক্ষক নিয়োগে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে অবৈধ ও বিতর্কিত পন্থা অনুসরণ করা হচ্ছে— যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।”
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যেরও তীব্র প্রতিবাদ জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণআন্দোলনবিরোধী শিক্ষকদের তালিকা প্রদর্শন করে বিক্ষোভ করা হবে। একইসঙ্গে, সব ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় সাধারণ শিক্ষার্থীদের প্রতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ তাহের রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, দপ্তর সম্পাদক নাফিউল জীবনসহ অন্যান্য নেতাকর্মীরা।