চবি প্রতিনিধি প্রকাশিত: রবিবার , ১৬ নভেম্বর , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় এক মাস আগে দায়িত্ব নেওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ—চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা এখনও পাননি তাদের জন্য বরাদ্দকৃত কার্যালয়। ফলে সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে নানা বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। কার্যালয় না থাকায় বর্তমানে তাদের এখানে–সেখানে বসে কাজ চালাতে হচ্ছে।
নির্বাচনের আগে চাকসু ভবনে রংসহ কিছু সংস্কারকাজ হলো বটে, তবে এখনো তা পুরোপুরি শেষ হয়নি। তিনতলা ভবনের নিচতলায় রয়েছে ক্যান্টিন ও অনুষ্ঠান আয়োজনের কক্ষ; দ্বিতীয় তলায় ছাত্র ও ছাত্রীদের আলাদা কমনরুম। তৃতীয় তলায় এক পাশে চাকসু পরিচালকের কার্যালয় এবং বিপরীতে ছাত্র সংসদের প্রতিনিধিদের জন্য বরাদ্দকৃত কক্ষ। একই তলায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসও রয়েছে।
দীর্ঘ প্রায় তিন দশক পর গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে বিজয়ীরা ২৩ অক্টোবর শপথ নেন। কিন্তু এক মাস পার হলেও তারা এখনো নিজেদের নির্ধারিত কক্ষে বসতে পারেননি। এমনকি ‘পরিচিতি বোর্ডেও’ তাদের নাম সংযোজন হয়নি।
এ অবস্থায় চাকসুর নতুন কমিটির প্রথম সভা ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আয়োজন করতে হয়।
ভিপি ইব্রাহীম রনি এবং জিএস সাঈদ বিন হাবিব অভিযোগ করেন, নির্বাচন ও শপথ গ্রহণের আগেই প্রশাসনের উচিত ছিল কার্যালয় প্রস্তুত রাখা। রনি জানান, শপথ নেওয়ার পর ২৫ দিন পার হলেও প্রশাসন এখনো কার্যালয় পুরোপুরি প্রস্তুত করতে পারেনি, যদিও কিছু কেনাকাটা করা হয়েছে।
তবে দ্রুত সময়ের মধ্যেই কার্যালয় বুঝে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন জিএস সাঈদ বিন হাবিব।
এ বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, চাকসু কার্যালয়ের সংস্কারের জন্য বাজেট দেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে। এর বাইরে তার জানা নেই।
চাকসুর পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী এ বিষয়ে জানতে চাইলে কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। অন্যদিকে কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী এটিকে পরিচালকের দায়িত্ব বলে মত দিয়ে জানান, সংস্কারের কাজ চলছে এবং দ্রুতই শেষ হবে।