প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২১ নভেম্বর , ২০২৫
রাজধানীতে ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম খোলে। দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির তথ্য জানাতে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ নম্বর
মোবাইল: ০১৭০০-৭১৬৬৭৮
ফোন: ০২-৪১০৫১০৬৫
জেলা প্রশাসকের নেজারত শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমুল হাসান বলেন, ঢাকায় ৩ জন নিহত ও ১৮ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। নগরীর বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।