প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২০ মার্চ , ২০২৫
পটুয়াখালীর দুমকীতে দলবদ্ধ ‘ধর্ষণের’ শিকার কলেজছাত্রীটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সকালে তিনি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা করেন বলে জানান এনসিপর যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
ঘটনার শিকার কলেজছাত্রীর বাবা গত জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে নিহত হয়েছিলেন। বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি ফেরার পথে একটি সংঘবদ্ধ চক্র তাকে রাস্তা থেকে নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ করা হয়েছে।
গত বুধবার আক্রান্ত মেয়েটি নিজেই বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় মামলা করেছে। পুলিশ ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে।
মামলার বরাতে ওসি বলেন, গত বছর জুলাই-অগাস্ট আন্দোলনে নিহত বাবার কবর জিয়ারত করার পর নানা বাড়ি যাওয়ার সময় আসামিরা মেয়েটির পিছু নেয়। এক সময় হঠাৎ মুখ চেপে ধরে তাকে রাস্তার পাশের একটি বাগানে নিয়ে যায় তারা। ধর্ষণের ঘটনার ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় আসামিরা। আসামিদের একজন জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও অন্যজন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র।
এনসিপির এক বিজ্ঞপ্তিতে জানান হয়, বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা থেকে রওনা হয়েছেন নাহিদ ইসলাম। বেলা ১১টায় পটুয়াখালীতে ভিক্টিম পরিবারের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে। পরে তিনি ধর্ষণের ঘটনায় বিচারের বিষয়ে ডিসি এবং এসপির সাথে মতবিনিময় করবেন এবং স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করবেন।
বিকালে পটুয়াখালীর পাঙ্গাসিয়াতে জুলাই আন্দোলনে নিহত একজনের কবর জিয়ারত করবেন।
সফরকালে পটুয়াখালী ও বরিশালে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে একাধিক অনুষ্ঠান করার কথা রয়েছে নাহিদ ইসলামের।