জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৬ মে , ২০২৫
ইউজিসির বাজেট বৃদ্ধিসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৬ মে) দুপুরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে বিজ্ঞান ভবন ও সামাজিক বিজ্ঞান ভবন ঘুরে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কয়েকজনের ভাষ্য
হচ্ছে, “প্রতেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইউজিসি থেকে পর্যাপ্ত বাজেট পায়। কিন্তু আমরা তা পাই না। দেশের যেকোনো সংকটকালেই সবার আগে আমরা এগিয়ে যাই। কিন্তু ইউজিসি বাজেটের সময় সবার পিছনে আমাদের রাখা হয়। ইউজিসির বৈষম্যের ছায়াতল থেকে বের হতে দেওয়া হয়না। আমাদের বাজেট বাড়ানোসহ সব দাবি মেনে না নিলে জগন্নাথের ভয়ঙ্কর রূপ দেখতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, “আমরা চাই, বিশ্ববিদ্যালয় যদি চলে বিশ্ববিদ্যালয়ের মতো চলুক, অন্যথায় চিরতরে বন্ধ হয়ে যাক।”
পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। আপনার ইউজিসি চেয়ারম্যান পদে বসতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্যাগ রয়েছে। সুতরাং বৈষম্য বন্ধ করুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনসহ চার দাবি মেনে নিন।”
ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের
১৫ ব্যাচের শিক্ষার্থী সোহাগ বলেন, আমরা জবিয়ানরা ভালো নেই। আমরা বেশি কিছু চাইনি শুধুমাত্র থাকা খাওয়া চেয়েছি। বিগত সময়ে ইউজিসি জবির সাথে প্রশাসনিকমূলক
আচরণ করেছে, এখনো করতে চাচ্ছে। জুলাই বিপ্লবে বৈষম্যের অবসান করতে আমাদের ভুমিকা কারো থেকে কম না।
শিক্ষার্থীদের উল্লেখিত চার দফা দাবিগুলো হলো:
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভূক্ত করা। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণ কাজ আগামী ১০ মের মধ্যে শুরু করা । বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ। আগামী ১৫ মের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।